শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

অনিয়মের অভিযোগে আরও ২ ইউপি সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রধানমন্ত্রীর মোবাইল ব্যাংকিংয়ে নগদ অর্থ সহায়তা এবং ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও দুইজন ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মঙ্গলবার (০৯ জুন) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া সদস্যরা হলেন- খাগড়াছড়ির পার্বত্য জেলার মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য জামাল হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউপির ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পূর্ণিমা রানি বণিক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার লাউরফতেহপুর ইউপি’র মহিলা সদস্য পূর্ণিমা রানি বণিক এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি জেলার তাইন্দং ইউপির সদস্য জামাল হোসেন এর বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে।

তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ নিয়ে মোট ৮৯ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৯ জন ইউপি চেয়ারম্যান, ৫৪ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com