বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

প্রতিবন্ধী জাফরের শত্রু ছিল না, তারপরও পরিকল্পিত হত্যা!

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রা‌মের রাঙ্গুনিয়ায় এক প্রতিবন্ধী চায়ের দোকানদারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট বাজার এলাকার একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার নাম মো. জাফর (৩৫)। তিনি একই ইউনিয়নের দক্ষিণ খন্ডলিয়া পাড়া এলাকার মো. নুরুচ্ছাফার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সকালে ছোট বাচ্চারা খেলা করার সময় একটি কালভার্টের নিচে জাফরের রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে সে ব্যাপারে কিছু জানতে পারেনি পুলিশ।

নিহতের স্ত্রী দিলুয়ারা বেগম জানান, নিহত জাফর জন্মগত ভাবে একটি পায়ের সমস্যাজনিত কারণে প্রতিবন্ধী। তিনি রাজার হাটের পশ্চিম মোড়ে ভাসমান একটি চায়ের দোকান করে সংসার চালাতেন। প্লাস্টিক মোড়ানো এই ভাসমান চায়ের দোকানের মালামালগুলো রাতে পাশের একটি দোকানে রেখে যেতেন। তবে যেই দোকানে মালামাল রাখতেন সেটি কয়েকদিন ধরে বন্ধ থাকায় গত চারদিন ধরে রাতে তিনি দোকানেই থাকছিলেন। আর এটাই তার স্বামীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্ত্রী দিলুয়ারা।

তিনি আরও বলেন, তার স্বামীর সাথে কারো পূর্ব শত্রুতা ছিল না। তবে এক মাস আগে এক সিএনজি ট্যাক্সিচালক এবং তার গাড়ির এক যাত্রীর সাথে কথা কাটিকাটি হয়। এনিয়ে পারুয়া ইউনিয়ন পরিষদে মীমাংসা বৈঠকও হয়েছিল।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার ইসলাম শামীম। তিনি ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করেন। তিনি বলেন, উদ্ধারকৃত লাশের ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের গুরুতর যখম রয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com