সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

পুরো সড়ক এখন ব্রহ্মপুত্র নদের পেটে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জামালপুর দেওয়ানগঞ্জের মন্ডল বাজার হতে খোলাবাড়ী যাওয়ার একমাত্র পাকা সড়কটি কয়েক মাসের ব্যবধানে ব্রহ্মপুত্র নদীর ভাঙনের সম্পূর্ণরূপে নদীগর্ভে চলে গেছে। এ বছরের ৪ ধাপের ভয়াবহ বন্যা এবং অতি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েক দফা ভাঙনে সড়কটি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাইসাইকেল ও পায়ে হাঁটা ছাড়া কোনো যানবাহন এই সড়কে চলাচল করতে পারে না। সড়কের এক মাথা থেকে আরেক মাথা প্রায় ৩০০ ফিট সড়ক সম্পূর্ণরূপে ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে গেছে। কয়েকমাস আগে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করা হলেও তাতে কোনো কাজ হয়নি। তীব্র ভাঙন অব্যাহত রয়েছে।

সানি ও কলেজছাত্র এবং অনলাইন এক্টিভিস্ট আহমেদ শাকিল কালের কণ্ঠকে জানান, এই সড়কটি দেওয়ানগঞ্জ সদর থেকে চর বাহাদুরাবাদ মোন্নে বাজার খোলাবাড়ি যাবার একমাত্র সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার খেটে খাওয়া মানুষ থানা সদরে যায়। সড়কের মাঝখানে ভেঙে যাওয়ায় পণ্য পরিবহন, গাড়ি পারাপার, যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, এই সড়কের ভাঙন ঠেকানোর জন্য বহু চেষ্টা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকেও একবার বাঁশের খুঁটি দিয়ে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একবার জিও ব্যাগ ফেলেও কোনো কাজ হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাহেদ হোসেন জানান, এই সড়কের ব্যাপারে কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে অবগত আছেন। ইতিমধ্যে জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সড়কের ভাঙন দেখে গেছেন। বন্যা চলে গেলে আশা করা যায় এই সড়কের ভাঙন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com