বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : পাকিস্তান টি-টোয়েন্টি অধিনায়ক এবং রানমেশিন বাবর আজমকে সমর্থন দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। তার সম্পর্কে অসাধারণ ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। অজিদের বিশ্বজয়ী ক্যাপ্টেনের মতে, একদিন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হবে বাবর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে ফর্মের মগডালে আছেন পাক ব্যাটিং মায়েস্ত্রো। সিরিজে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে প্রায় ৫৩ গড়ে ২১০ রান করেন তিনি।
প্রথম টেস্টে ব্রিসবেনে ১০৪ রানের নান্দনিক ইনিংস খেলেন বাবর। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে বিপর্যয়ের মুখে ৯৭ রানের লড়াকু ইনিংস উপহার দেন তিনি। এর পর ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রায় ৬২ গড়ে ২৬২ রান করেন ২৫ বছর বয়সী ক্রিকেটার। এ পথে দুটি সেঞ্চুরি হাঁকান তিনি।
প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে হার না মানা ১০২ রানের ঝলমলে এক ইনিংস খেলেন বাবর। আর দ্বিতীয় টেস্টে করাচিতে ১০০ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। কয়েক দিনের ব্যবধানে হ্যাটট্রিক তিন অঙ্ক ছোঁয়া ইনিংস খেলেন এ তরুণ ব্যাটার।
দেশের মাটিতে সদ্য সমাপ্ত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও উজ্জ্বল বাবর। প্রথম ম্যাচে সে রকম কিছু করতে পারেননি। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অনবদ্য ৬৬ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি। আর তৃতীয় ও শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ব্যাটিংয়ের সুযোগই পাননি ডানহাতি এ ব্যাটিং মাস্টার।
সার্বিক পারফরম্যান্স বিবেচনায় পন্টিং বলেন, বাবর প্রতিনিয়ত ক্রিকেটবিশ্বকে মুগ্ধ করে চলেছে। আর সবার মতো আমিও তার ব্যাটিংয়ে মুগ্ধ। ওর শটে উচ্চমানের ক্লাস রয়েছে। সে একদিন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হবে। সোশ্যাল মিডিয়া টুইটারে এ ভবিষ্যদ্বাণী করেন ৪৫ বছর বয়সী অস্ট্রেলীয় ক্রিকেটার।
ক্যারিয়ারের শুরু থেকেই সীমিত ওভারের ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে আসছেন বাবর। এখন পর্যন্ত ৭৪ ওয়ানডেতে ৫৪.২ গড়ে ১১ সেঞ্চুরি ও ১৫ হাফসেঞ্চুরিতে ৩৩৫৯ রান করেছেন তিনি। আর ৩৮ টি-টোয়েন্টিতে ১৩ অর্ধশতকে ১৪৭১ রান করেছেন হালের ক্রেজ।
সূচনালগ্নে টেস্টে নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে পারেননি বাবর। তবে সময় গড়ানোর সঙ্গে এ সংস্করণেও ক্ষুরধার হয়ে উঠছেন তিনি। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের অভিজাত ফরম্যাটেও নিয়মিত কথা বলছে তার ব্যাট। এখন পর্যন্ত ২৫ টেস্টে ৪ শতক ও ১৩ ফিফটিতে ১৭০৭ রান করেছেন তিনি।
তথ্যসূত্র: ক্রিকট্র্যাকার।
নগরকন্ঠ.কম/এআর