বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মুজিববর্ষে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরচর এলাকায় মুক্তিযোদ্ধা সামসুদ্দিন পেলেন সরকারি ঘর ও সেই সঙ্গে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিআর-কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প থেকে একটি বিনামূল্যের ঘর পেয়েছেন। এর আগে বাড়ির ৫ শতাংশ জমি বরাদ্দ প্রদান ও তার নামে নামখারিজ করে দেয়া হয়।
বাকি ছিল নতুন ঘরে বিদ্যুৎ দেয়া সেটিও মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বিশেষ ব্যবস্থায় নিজস্ব অর্থায়নে দুটি খুঁটির মাধ্যমে বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করে দেয়া হয়।
মঙ্গলবার মুজিববর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিনের বাড়িতে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বিদ্যুতায়ন করে বাতি জ্বালিয়ে দেয়া হয়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলা পল্লী সমিতির জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হায়দার আলী, মানিকগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত থেকে ওই মুক্তিযোদ্ধার বাড়ির বিদ্যুৎ সংযোগ প্রদান ও বাতি জ্বালিয়ে দেন।
পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। এই কর্মসূচির অংশহিসেবে মুজিববর্ষের বিশেষ দিনে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দিতে পেরে তারা ধন্য।
এ দিকে বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন জানান, দেশের জন্য তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করে গর্বিত। এ ছাড়া দুস্থ মুক্তিযোদ্ধা হিসেবে তিনি জায়গা-জমি, বিনামূল্যে ঘর আর বিদ্যুৎ সংযোগ পেয়ে তিনি ধন্য। সরকার একজন মুক্তিযোদ্ধাকে এমন সম্মান জানাবেন তিনি কখনও ভাবেননি। তিনি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নগরকন্ঠ.কম/এআর