বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বুধবার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাজী মো. শাহজাহান। এদিন সকালে তিনি ধানমণ্ডির সিটি কলেজ থেকে গণসংযোগ শুরু করেন।
এরপর তিনি নিউমার্কেট কাঁচাবাজার, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, হাতিরপুল, কাঁঠালবাগান, রাজাবাজার, ইন্দিরা রোড, সোবহানবাগ, মিরপুর রোড, কলাবাগান, জিগাতলা মোড়, মিতালী রোড, বিডিআর গেট, বউবাজার, কালুনগর, গজমহল, টালী অফিস, গণকটুলী, ছয়তলা স্টাফ কোয়ার্টার এলাকায় গণসংযোগ ও প্রচারণা মিছিলে অংশ নেন।
তিনি ভোটারদের মধ্যে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। প্রচারণাকালে তিনি সাতটি পথসভায় বক্তব্য রাখেন। হাজী মো. শাহজাহান ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা নির্ভয়ে কেন্দ্রে ভোট দিতে যাবেন।
ভোট কেন্দ্রে যত বেশি ভোটারের উপস্থিতি হবে, ভোট জালিয়াতির আশঙ্কা কমবে। আপনাদের একটি ভোট এনে দিতে পারে পরিবর্তন।
এ উপনির্বাচনে হয়ত সরকার পরিবর্তন হবে না, তবে এ নির্বাচনের মাধ্যমে ভোটাররা ভোটমুখী হবে- এটা আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, প্রচারণার শুরু থেকে আমরা বাধাবিহীন গণসংযোগ করতে পেরেছি। এজন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। এলাকার জনগণের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ করব- এ সুন্দর পরিবেশ যেন নির্বাচনের দিন পর্যন্ত অব্যাহত থাকে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে।
শাহজাহান আরও বলেন, এ নির্বাচনী এলাকার জনগণ শান্তিপ্রিয়। আর লাঙ্গলে ভোট দিলে মানুষ শান্তিতে থাকবে। ভোটাররা যদি সঠিকভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারে, আমার বিশ্বাস এ উপনির্বাচনে লাঙ্গল প্রতীক জয়লাভ করবে।
প্রচারণাকালে তিনি বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে প্রচার মিছিলে অংশ নেন।
এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, শিল্প বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া, মহানগর নেতা এমএ সাঈদ, ইস্কান্দার মোল্লা, শাহআলম দেওয়ান, হাজী সাব্বির, অপু সিকদার, জাকির হোসেন মল্লিক, খায়রুল আলম, শওকত হোসেন, দুর্জয় ফরাজী, আবদুল মালেক, আবুল হোসেন, রওনক মহল কনক, লতা সিকদার, সালমা জাহান, লিপি সিকদার এবং হাজী শাহজাহানের ছেলে সাজ্জাদ চৌধুরী শিহাবসহ মহানগর জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর