বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

নাসির আলী মামুনের ক্যামেরায় বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশে এ বছর পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ মহামানবের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে চলছে নানা আয়োজন।

জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ফরাসি দূতাবাসের আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে চলছে একক আলোকচিত্র প্রদর্শনী ‘জয় বঙ্গবন্ধু’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের নানা ঘটনা প্রবাহের ছবি নিয়ে এ প্রদর্শনী সাজানো হয়েছে।

বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা বঙ্গবন্ধুর দুর্লভ ছবি নিয়ে চলছে এ প্রদর্শনী। ক্যামেরা কবি নামে খ্যাত নাসির আলী মামুনের ক্যামেরায় বঙ্গবন্ধু নানাভাবে ধরা পড়েছেন।

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের খুব কাছাকাছি থেকেছেন তিনি। ক্যামেরায় ধরেছেন বাঙালি জাতিকে দিক নির্দেশনার ঘটনাপ্রবাহ। এছাড়াও সাধারণ নারী-পুরুষের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রায় শতাধিক কবি, শিল্পী, লেখক ও রাজনীতিবিদদের প্রতিকৃতি ক্যামেরায় ধারণ করেছেন এই আলোকচিত্রী।

বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করে নাসির আলী মামুন বলেন, ‘বঙ্গবন্ধু আমাকে যে মুহূর্তগুলো দান করেছেন। আমি মনে করি আমাদের সংস্কৃতিক ইতিহাসে একটা দলিল হিসেবে থাকবে।’

বাংলাদেশের ইতিহাসের অন্যতম মাহেন্দ্রক্ষণ ১৯৭১ সালের ৭ মার্চ। এদিন সেই মাহেন্দ্রক্ষণ অর্থাৎ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ তার ক্যামেরায় ধরা পড়েছে। এছাড়াও ক্যামেরাবন্দি হয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে নেতাকর্মীদের সঙ্গে তার একত্ব।

বঙ্গবন্ধুকে কেমন দেখেছেন? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু খুব সাধারণ ছিলেন, তিনি মাটি ও মানুষের কাছাকাছি ছিলেন।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের গুলিতে বঙ্গবন্ধু নিহত হলে যেন থেমে যায় নাসির আলী মামুনের ক্যামেরা। যে মহামানবের ডাকে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। তার মৃত্যু যেন তাকে বাকরুদ্ধ করে দেয়। এরপর দীর্ঘ আট বছর পর নাসির আলী মামুন বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নং বাড়িতে প্রবেশ করেন। আবারও ছবি ধারণ করেন। তবে এটা যেন এক টুকরা বাংলাদেশকে বীভৎস করার দৃশ্য। সেই কালো অধ্যায়ের ছবিগুলোও প্রদর্শনীতে তিনি রেখেছেন।

গত ৬ মার্চ থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com