বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

কুড়িগ্রামে নামাজরত মাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুড়িগ্রামের রাজারহাটে মাদকের টাকা না পেয়ে নামাজরত নিজের গর্ভধারিণী মাকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে।

শুক্রবার দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের উমর পান্থাবাড়ী সাতভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিনু বেগম (৬০) ওই গ্রামের সোলায়মান আলীর প্রথম স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার মিনু বেগমের নিকট তার ছেলে মনতাজুল ইসলাম (৩৫) মাদক কেনার জন্য কিছু টাকা চায়। মাদকের টাকা দিতে অস্বীকার করলে ওই দিন দুপুরে জোহরের নামাজ আদায় করার সময় ঘরে রাখা কুঠার দিয়ে নামাজ আদায়রত মাকে গলাসহ কয়েক জায়গায় আঘাত করে।

এ সময় প্রচুর রক্তক্ষরণে মিনু বেগম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। শব্দ শুনে প্রতিবেশী মোখছেদুল ইসলামের স্ত্রী মুন্নী বেগম ছুটে আসলে ঘাতক মনতাজুল পালানোর চেষ্টা করে।

কিন্তু মিনু বেগমের রক্তাক্ত নিথর দেহ দেখে চিৎকার দিলে এলাকাবাসীরা ছুটে এসে ঘাতককে আটক করে।

খবর পেয়ে রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার ও ওসি তদন্ত পবিত্র কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম প্রেরণ করে।

এ সময় এলাকাবাসীরা ঘাতক মনতাজুল ইসলামকে পুলিশে সোপর্দ করে।

রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার জানান, মাদকাসক্ত মায়ের খুনিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com