বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহেল হাওলাদার নামে ১৭ মামলার এক আসামি নিহত হয়েছেন।
শনিবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদেরকে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত সোহেলের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা, হত্যা প্রচেষ্টা, মাদকসহ ১৭ টি মামলা রয়েছে।
রোববার (২২ মার্চ) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁওয়ের জোনাল সহকারী কমিশনার জুলফিকারের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার দিবাগত রাতে অস্ত্র উদ্ধার করতে নাগদারপাড় এলাকায় যায়। তখন সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সোহেল গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় খিলগাঁওয়ের জোনাল সহকারী কমিশনার জুলফিকার আলী ও থানার ওসি মশিউর রহমান আহত হয়েছেন।
পুলিশ জানায়, নিহত সোহেল হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা থানার সুরুজ হাওলাদারের ছেলে। সে খিলগাঁওয়ে থেকে নানা অপকর্ম করে আসছিল।
নগরকন্ঠ.কম/এআর