বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশে করোনাভাইরাস এপ্রিলের শুরু থেকে ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পর তিনি এমনটি মনে করছেন।
রোববার দুপুরে নগরভবনের ব্যাংক ফ্লোর সভাকক্ষে সিটি কর্পোরেশন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধ এবং মোকাবেলার লক্ষ্যে গঠিত কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, প্রবাসীরা অবাধে বিচরণ করার মাধ্যমে করোনা ছড়িয়ে দিয়ে ব্যাপক প্রাণহানি ঘটার দৃশ্যপট তৈরি হয়েছে।
প্রবাসীদের দেশে এসে অবাধ বিচরণের সুযোগ দেয়া ছিল মারাত্মক ভুল। এ প্রসঙ্গে তিনি সিটি কর্পোরেশন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে গঠিত কমিটি রিভিউ করে শক্তিশালী কমিটি গঠন করা দরকার বলে মত দেন।
মেয়র সাঈদ খোকন বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও এদের মাধ্যমে এটি যেন আরও ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য আক্রান্তদের নজরদারিতে রেখে গোয়েন্দা সংস্থাগুলো কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
একই সঙ্গে হাসপাতালগুলোতে আগত সাধারণ রোগীরা যেন চিকিৎসাসেবা পান এবং করোনা আক্রান্ত রোগীদের ছোঁয়ায় অন্যরা যেন আক্রান্ত না হন, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার বিষয়ে হাসপাতালের পরিচালকদের সঙ্গে বিভিন্ন দফতর ও সংস্থার প্রতিনিধিদের এখনই বসা উচিত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
আজকের সভায় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, ঢাকার উপসিভিল সার্জন, জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সমাজসেবা অধিদফতরের প্রতিনিধি এবং কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর