বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ভারতফেরত নারীকে নিয়ে হাসপাতালে, যশোরে ইউপি সদস্যকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভারতফেরত নারীকে হোমকোয়ারেন্টিন থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার অপরাধে যশোরে ইউপি সদস্যকে জরিমানা করা হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কামকুল গ্রামে যশোরের অভয়নগরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান হোম কোয়ারেন্টিনে থাকা ভারত প্রবাসী সাথী খাতুনকে তার বাড়িতে দেখতে যান। তবে তাকে পাওয়া যায়নি। পরে জানা গেছে সাথী খাতুন স্থানীয় ইউপি মেম্বার আজিজুর রহমান তিতুকে সঙ্গে নিয়ে হাসপাতালে গেছেন।

বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের খুঁজে বের করে উভয়কে ১০ হাজার টাকা হারে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

একই সঙ্গে ইউপি মেম্বার আজিজুর রহমান তিতুকেও হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদ পেয়ে এ ঘটনার পরপরই উপজেলার গোপীনাথপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠানে হাজির হন। বিয়ে অনুষ্ঠানে উপস্থিত শতাধিক লোকের খাওয়া-দাওয়ার আয়োজন চলাকালে বরপক্ষ এবং কনে পক্ষকে ১৫ হাজার টাকা হারে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই সঙ্গে দু’পক্ষের লোকদের দুপুর বেলার খাওয়া-দাওয়া বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

অভিযান চলাকালে স্থানীয় সাংবাদিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com