বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

বাঘায় তেলের দোকানে আগুন, চেয়ারম্যান পুলিশ সাংবাদিকসহ আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে পেট্রলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চেয়ারম্যান, ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ, সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা ফায়ার সার্ভিস ইনচার্জ মোশারফ হোসেন।

জানা যায়, বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে পেট্রলের দোকানের মালিক মনির হোসেন মঙ্গলবার বেলা ১১টার দিকে ড্রাম খুলে পেট্রল আলাদা করতে থাকেন। এ সময় আকস্মিকভাবে আগুন ধরে যায়।

এ অগ্নিকাণ্ডের ঘটনা দেখে নিয়ন্ত্রণের জন্য এগিয়ে আসলে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, দোকান মালিক মনির হোসেন, স্থানীয় সুমন আলী, আলমগির হোসেন, রবিউল ইসলাম, বুলবুল আহম্মেদ, বাবু হোসেন, রফিকুল ইসলাম, আয়নাল হক, রিপন আলী, মুক্তাদির হোসেন, জানমোহাম্মদ, তুষার হোসেন, মিলন হোসেন, বাবু আহম্মেদ, তুরাপ হোসেন, রমজান আলী, গোলাম মওলা, শরিফ উদ্দিন, ইসমাইল হোসেন, ইমদাদুল হক মিলন, আবদুল হামিদ, উজ্জ্বল হোসেন, সোহেল রানা, কাউসার আলী, শফিকুল ইসলাম, মাহাবুর রহমান আহত হয়েছেন।

পরে বাঘা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করতে গেলে ফিরোজ হোসেন ও মহিবুর রহমান নামের দুই ফায়ার সার্ভিসকর্মী আহত হন।

এ দিকে বাঘা থানার এসআই সইবুর রহমান ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে এশিয়ান টিভির রাজশাহী স্টাফ রিপোর্টার আকতার রহমান আহত হয়েছেন।

আহতদের বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এর মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিস ইনচার্জ মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন। তবে কৌশলে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com