বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

কক্সবাজারের জঙ্গল থেকে কাঠুরিয়ার হাতকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কক্সবাজারের চকরিয়া উপজেলার বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চল (জঙ্গল) থেকে মো. হোসেন (৫০) নামে এক কাঠুরিয়ার হাতকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ওই জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. হোসেন খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দরগা পাড়ার মৃত মুছা আলীর ছেলে।

এলাকাবাসী বন কর্মীদের গুলিতে নিহত হওয়ার কথা বললেও খুটাখালীর ফুলছড়ি রেঞ্জ বন কর্মকর্তা জঙ্গলের ভেতরে বালি লুটকারীদের সন্দেহ করছেন।

খুটাখালী এলাকার কাঠুরিয়া আবদুর রশিদ ও আবদু শুক্কুর জানান, নিহত হোসেনসহ তারা আরও কয়েকজন কাঠুরিয়া বুধবার বিকাল ৩টার দিকে কাঠ পুড়িয়ে কয়লা সংগ্রহের জন্য কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বিটের সংরক্ষিত বনাঞ্চলে যান।

কিছুক্ষণ পর খবর পেয়ে ফুলছড়ি বিট অফিসার আকরাম আলীর নেতৃত্বে একদল বনকর্মী ওই সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে গুলি ছুড়ে তাদের ধাওয়া দেয়। ওইদিন অন্যান্য কাঠুরিয়া পালিয়ে ঘরে চলে গেলেও মো. হোসেন সেই থেকে নিখোঁজ ছিলেন, জানান তারা।

শুক্রবার এলাকাবাসী জঙ্গলের ভেতরে হাত বিচ্ছিন্ন হোসেনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। চকরিয়া থানার পুলিশ শুক্রবার বিকাল ৫টার দিকে গিয়ে খুটাখালীর জঙ্গল থেকে হোসেনের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া বলেন, বিট কর্মকর্তা আকরাম আলীসহ বনকর্মীরা বুধবার বিকালে জঙ্গলে আগুন দেয়ার খবর পেয়ে খুটাখালীর হাতির গাড়া নামক সংরক্ষিত বনাঞ্চলে যান।

বনকর্মীরা জঙ্গলের আগুন নিভিয়ে ফেরার পথে বন্যহাতির পালের মুখোমুখি হলে বন কর্মীরা ৩ রাউন্ড ফাকা গুলি ছোড়েন। আজ (শুক্রবার) শুনলাম জঙ্গলে হোসেনের লাশ পাওয়া গেছে।

কাঠুরিয়াদের গুলি করার কথা অস্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল জোর করে জঙ্গলের ভেতরে বালু লুট করে আসছে। তারা আমাদেরকে সমস্যায় ফেলার জন্য এ রকম ঘটনা করে থাকতে পারে বলে আমার সন্দেহ হচ্ছে। তবে বিষয়টি তদন্তে বেরিয়ে আসবে।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com