বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

কান ধরে দাঁড় করানো সেই ৩ বৃদ্ধের কাছে ক্ষমা চাইলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাস্ক না পরায় কান ধরিয়ে ছবি তোলা সেই তিন বৃদ্ধের বাড়িতে গিয়ে ক্ষমা চাইলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী।

শনিবার দুপুরে তিনি উপজেলার চিনাটোলা এলাকায় ওই তিন বৃদ্ধের বাড়িতে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী শুক্রবার বিকালের ঘটনার জন্য ক্ষমা চেয়ে তিন পরিবারকে ১০ কেজি করে চাল দেন। তাদের নিরাপদে বাড়িতে থাকার জন্য বলেন।

এরপর যদি খাবার ফুরিয়ে যায়, তাহলে স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন। বাড়িতে থাকলে খাবার পৌঁছে যাবে বলে প্রতিশ্রুতি দেন।

এর আগে শুক্রবার বিকালে মণিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

বিকাল সাড়ে ৫টার দিকে চিনাটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন দুই বৃদ্ধ। এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন এবং অপরজন রাস্তার পাশে বসে কাঁচা তরকারি বিক্রি করছিলেন। তাদের মুখে মাস্ক ছিল না।

এ সময় পুলিশ ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাইয়েমা হাসান শাস্তি হিসেবে তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। শুধু তাই নয়, এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন। এ ছাড়া কিছুক্ষণ পর অপর এক ভ্যানচালককে অনুরূপভাবে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন।

এ ঘটনায় ফেসবুকজুড়ে সমালোচনার ঝড় বইছে। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া তিনি বিভাগীয় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন বলে জানা গেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com