মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পর পর আগুনে পুড়লো শ্বশুর ও জামাইয়ের বসত বাড়ি। শ্বশুর বাড়িতে আগুনের ঘটনার কিছুক্ষণ পরই অর্ধ কিলোমিটার দূরের জামাইয়ের বাড়িতেও আগুনের ঘটনা ঘটে। দুটি পৃথক আগুনের ঘটনায় ভস্মীভূত হয় প্রতিবেশীদেরসহ মোট ৯টি বাড়ি। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামে পৃথক এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে শ্বশুর সৈয়দ আলীর বাড়ির গোয়ালঘরে আগুন লাগে। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই চারটি বাড়ির সবকিছুই পুড়ে যায়। এই আগুন নেভাতে না নেভাতেই গ্রামের অন্য প্রান্তে অর্ধ কিলোমিটার দূরে সৈয়দ আলীর জামাই আব্দুস ছালামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এখানেও স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের একই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ছালামেরসহ পাঁচটি বাড়ি পুড়ে যায়।
এ সময় দুটি অগ্নিকান্ডে গরু, ছাগল, ধান, চালসহ নগদ টাকা ক্ষতিগ্রস্ত হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আরেফিন। তারা ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ টাকা, খাবার ও ঢেউটিন বিতরণ করেছেন।
এ ব্যাপারে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ইমন মিয়া জানান, প্রথম অগ্নিকান্ডটি ঘটে সন্ধ্যা ৭টায় এবং দ্বিতীয় অগ্নিকান্ডটি ঘটে রাত আটটায়। দুটি অগ্নিকান্ডে মোট ৯টি বাড়ি পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে পৃথক এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে রিপোর্ট করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর