বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী নায়িকা ফরিদা আক্তার পপি ওরফে ববিতার জন্মদিন ছিল গত ৩০ জুলাই। বিশেষ এই দিনটিকে প্রতিবারের চেয়ে আরও একটু বেশি আনন্দঘন করতে জন্মদিনের আগেই একমাত্র ছেলে অনিকের কাছে চলে যান অনঙ্গ বউখ্যাত এই অভিনেত্রী। পূর্ব পরিকল্পনা অনুযায়ীই কানাডায় ছেলেকে নিয়ে বেশ প্রফুল্ল মেজাজে জন্মদিন উদযাপন করেন তিনি।
পাশাপাশি অনিক তার নিজের ভালো লাগার জায়গাগুলোতে মাকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন। মায়ের প্রতি ছেলের ভালোবাসা, শ্রদ্ধা ও উচ্ছ্বাসে রীতিমত অবাক হয়ে যান ববিতা। যদিও ববিতা তার একমাত্র সন্তানকে নিজের আদর্শে সঠিকভাবে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলেছেন। অনিকই যেন এখন তার একমাত্র গর্বের বিষয়।
আর বাংলাদেশ গর্ব করে ববিতাকে নিয়ে। দেশবরেণ্য এই অভিনেত্রীকে ঘিরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব’। ডালাস অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে আজ পর্দা উঠছে এই আসরের। চলবে ৬ আগস্ট পর্যন্ত। উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ববিতা অভিনীত আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমাটি। এছাড়াও সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’ সিনেমাটিও প্রদর্শিত হবে।
এছাড়া বিশেষ সম্মাননায় ভূষিতও করা হবে উপমহাদেশের খ্যাতিমান এই অভিনেত্রীকে। বিষয়টি নিয়ে মুঠোফোনে বেশ উচ্ছ্বাসের সঙ্গে ববিতা বলেন, ‘এক সময় আমাদের দেশের গুণী নির্মাতারা খুব ভালো ভালো সিনেমা নির্মাণ করতেন।
দেশ স্বাধীনের আগে সেসব গুণী নির্মাতাদের ভালো ভালো সিনেমা আন্তর্জাতিক উৎসবে স্থান পেত না। দেশ স্বাধীনের পর আন্তর্জাতিক উৎসবে আমাদের দেশের সিনেমা প্রদর্শনের সুযোগ পেল। এক সময় সত্যজিৎ রায়ের অশনি সংকেত সিনেমায় আমার অভিনয়ের সুযোগ এলো। ছবিটি বিশ^ব্যাপী ব্যাপক সমাদৃত হলো। ছবিটি নিয়ে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে আমি প্রতিনিধিত্ব করলাম। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে বাংলাদেশের মেয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি, নিজেকে চিনিয়েছি। সবাইকে অবগত করলাম আমি বাংলাদেশের মেয়ে। আজ শুধু আমাকে ঘিরেই এই ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে। আবার সেখানে মাননীয় মেয়র আমার হাতে সম্মাননা তুলে দেবেন। এই সম্মান আমার নিজের একার নয়, এই সম্মান, এই প্রাপ্তি আমার দেশের, আমার পরিবারের।’
উল্লেখ্য, ববিতা চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এখন পর্যন্ত ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ‘আজীবন সম্মাননা’সহ বহু সংগঠন কর্তৃক পুরস্কৃত হয়েছেন। সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
ববিতাই একমাত্র নায়িকা যিনি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে যোগ দিয়েছেন এবং সম্মানীত হয়েছেন। ২০১২ সাল থেকে তিনি দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।