মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

আওয়ামী লীগ একটি অনুভূতির প্রতীক : মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ একটি অনুভূতির প্রতীক। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল আমাদের জাতীয় জীবন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। আওয়ামী লীগের প্রতিটি কাউন্সিলই ইতিহাসের মাইলফলক স্পর্শ করেছে।

শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে আহ্বায়কের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, আওয়ামী লীগ এ দেশের বৃহৎ এবং প্রাচীনতম ও ঐহিত্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান। আওয়ামী লীগের ইতিহাস বাঙালি জাতির গৌরবোজ্জল সংগ্রামের ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠাসহ যা কিছু অর্জন তা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা সংগঠন আওয়ামী লীগের জাতীয় কাউন্সলসহ যে সমস্ত নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তার মধ্য দিয়ে স্বাধীনতার গতিপথ নির্মিত হয়েছে। এই কাউন্সিলে আপনারা যারা শ্রম-সহযোগিতা দিয়ে এসেছেন তাদের আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। যাদের অকান্ত পরিশ্রমে এই কাউন্সিল সফল হয়েছে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কাউন্সিলে কোনো ভুল-ক্রটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।

এর আগে বক্তব্যের শুরুতে তিনি বঙ্গবন্ধুসহ আগস্টে নিহত সব শহীদ, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের স্মরণ করেন। এছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, আবদুর রশীদ তর্কবাগীশসহ আওয়ামী লীগের নিহত সব নেতাকর্মীদের স্মরণ করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com