মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকসুর ভিপির ওপর হামলাকারীদের চাঁদাবাজ ও আদর্শহীন উল্লেখ করে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ঢাকসুর অফিসে ঢুকে নির্বাচিত নেতা নুরুকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা সমস্ত ছাত্র সমাজের জন্য কলঙ্ক। এটা হতে পারে না। এটা অমানবিক।
তিনি বলেন, কোথাকার কোন্ মুক্তিযোদ্ধা মঞ্চ। এ হামলার নেতৃত্ব দেয়। এরা কারা। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার ভোলার বাংলাবাজারে একটি বেসরকারি ব্যাংকের শাখা উদ্বোধনকালে সাংবাদিকদের তোফায়েল আহমেদ এ কথা বলেন।
আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, দলের সম্পাদক ওবায়দুল কাদের আশ্বাস দিয়েছেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিএনপির গণতন্ত্র রক্ষা আন্দোলনকে উদ্দেশ্য করে সাবেক এ মন্ত্রী বলেন, যে দলের কোনো আদর্শ নেই। যে দলের প্রধান চুরি মামলায় জেলহাজতে রয়েছেন। যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক রয়েছেন। সেই বিএনপির মুখে গণতন্ত্র রক্ষার কথা মানায় না। তোফায়েল আহমেদ ভোলার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ হবে। এখানে দুই ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস মজুদ রয়েছে। এখানেই গড়ে উঠবে শিল্পকারখানা।
আলোচনা সভায় বক্তব্য রাখার পাশাপাশি উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এএসএম পারভেজ তমাল, ওই ব্যাংকের পরিচালক ড. নূরননবী, পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, ভোলার জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র নাথ, প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নগরকন্ঠ.কম/এআর