মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরবার্তা.কম : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী বাছায়ের ক্ষেত্রে ‘গ্রহণযোগ্য ও জনপ্রিয়তা’কে মানদণ্ড হিসেবে বিবেচনায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করার পর সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, যারা একসেপটেবল এবং পপুলার তাদেরই মনোনয়ন দেয়া হয়েছে।
তিনি বলেন, কোন প্রার্থী নির্বাচনে জেতার উপযোগী, সেটি বিবেচনায় নেওয়া হয়েছে। মনোনয়ন বোর্ডে যারা ছিলেন, তারা প্রার্থীর জনপ্রিয়তার বিষয়টি দেখেছেন। প্রার্থীর গ্রহণযোগ্যতার দিক বিবেচনায় নিয়েছেন।
“মনোনয়ন বোর্ডের সবার সম্মতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন।”
এর আগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। উত্তরে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নুর তাপস।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক।
নগরবার্তা.কম/এআর