মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

ফুলেল শুভেচ্ছায় সিক্ত কাদের-রাঙ্গা

নিজস্ব প্রতিবেদক, নগরবার্তা.কম : দলীয় নেতা-কর্মীদের ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জাতীয় পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান জিএম কাদের ও নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় দলের নতুন কো-চেয়ারম্যানদেরও। আগামী তিন বছর নতুন নেতারা দায়িত্ব পালন করবেন।

রোববার দুপুরে দলের নতুন চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে দেখা করতে বনানী অফিসে পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মীর ঢল নামে। দলের সিনিয়র নেতা থেকে শুরু করে একে একে নেতা-কর্মীরা সবাই লাইন ধরে জিএম কাদের ও রাঙ্গাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে নেতা-কর্মীদের ফুল গ্রহণ করেন জাতীয় পার্টির নব-নির্বাচিত নেতৃত্ব। দলের বিভিন্ন ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে অভিনন্দন জানান নেতাদের।

পরে বনানী অফিসের মিলনায়তনে এক অনির্ধারিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব-নির্বাচিত মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

সংবর্ধনার জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রেখে দেশ ও জাতির স্বার্থে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। লক্ষ্য পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশ ও মানুষের জন্য রাজনীতি করবে জাতীয় পার্টি।

‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেলেই জাতীয় পার্টি বিলিন হয়ে যাবে। কিন্তু হুসেইন মুহম্মদ এরশাদের ভক্ত ও অনুসারীরা বিশাল জাতীয় সম্মেলন করে প্রমাণ করেছেন জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু নয়, জাতীয় পার্টি একটি বর্ধিষ্ণু রাজনৈতিক শক্তি’, দাবি করেন কাদের।

তিনি বলেন, জাতীয় পার্টির নিবেদিত কর্মীরা শুধু দলকে বাঁচিয়েই রাখেনি, তারা জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করেছে। আমরা এখন জাতীয় পার্টির ঐক্য বজায় রেখে দেশ ও জাতীর স্বার্থে সামনে এগিয়ে যাব।

আরো বক্তব্য রাখেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, নব নির্বাচিত কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী।

মহাসচিব বলেন, জাতীয় পার্টি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাবে। দেশের হতদরিদ্র মানুষের ভাগ‌্য উন্নয়নে আজীবন কাজ করব। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করব।

উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, আইনজীবী ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, আব্দুর রশীদ সরকার, লিয়াকত হোসেন খোকা এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, আহসান আদেলুর রহমান এমপি প্রমুখ।

নগরবার্তা.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com