মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বিচারপতি সিনহা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করেছিলেন : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা দেশে একটি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসের সঙ্গে সেই ষড়যন্ত্র মোকাবেলা করেছেন। বিচারপতি সিনহাকে এখন আমেরিকা কাল কানাডায় পালিয়ে বেড়াতে হচ্ছে।

বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। এ নির্বাচনেও ঢাকার মানুষ আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে রায় দিবেন। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয়ে সবার ভূমিকা রাখতে হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যাতে কোনো অপরাজনীতি করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত, স্বাধীনতার বিরোধী শক্তি ক্ষমতায় থেকে তিলে তিলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। জিয়া ও খালেদার ছেলে তারেক জিয়ার দুর্নীতি, সন্ত্রাস ছিল চরম পর্যায়ে।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি এদেশে সংখ্যালঘুদের অত্যাচার নির্যাতন করেছে। অত্যাচার নির্যাতনের কারণেই মানুষ বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যুবরাজ তারেকের অপকর্মের কারণেই বিএনপির আজ করুণ দশা।

জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি প্রমুখ বক্তব্য রাখেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com