মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

কাউন্সিলর পদে বিতর্কিতদের ‘ফাইন্ড আউট’ করব : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার দুই সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিতর্কিতরা থাকলে ‘ফাইন্ড আউট’ করে যথাযথ প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বলেছেন, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ঢাকা মহানগর নেতাদের সঙ্গে আলাপ করেই সিদ্ধান্ত নিয়েছে। সব সিদ্ধান্ত সঠিক না-ও হতে পারে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নিয়ে দলের ভেতরেও কিছু জায়গায় প্রশ্ন উঠেছে। এজন্য তৃণমূল পর্যন্ত টিমওয়ার্ক করছি। বিতর্কিত প্রার্থী থাকলে আমরা ‘ফাইন্ড আউট’ করব এবং যথাযথ প্রার্থী ঘোষণার ক্ষেত্রে সাহায্য করা হবে।

বৃহস্পতিবার দুপুরে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শীতার্তদের মাঝে ত্রাণ বিতরণে গঠিত টিমের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘দেশের ৯০ শতাংশ মানুষ ক্ষমতাসীন দলকে সরকারে দেখতে চায় না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ৯০ শতাংশ মানুষই নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিকে চায় না। এ সংখ্যা আরও কমবে। ৯১ শতাংশ থেকে ৯২ শতাংশ, ৯২ থেকে ৯৪ শতাংশ এভাবে তলানিতে গিয়ে ঠেকবে।

‘সিটি নির্বাচনে ইভিএমে ভোটে কারচুপি হবে’- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ইভিএমে কারচুপির অভিযোগ এখনও আসেনি। এমনকি যেসব নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে, সেখানে বিএনপির রেকর্ডও বেশি। ‘কারচুপি পর্যবেক্ষণে বিএনপি সিটি নির্বাচনে অংশ নিয়েছে’- এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, নির্বাচন হওয়ার আগেই এ ধরনের বক্তব্য দেয়ার অর্থ হয় না। তারা আসলে ক্ষমতার রাজনীতি করে, ক্ষমতাকেন্দ্রিক পলিটিক্স করে। ক্ষমতা পেলে সব ঠিক, ক্ষমতা না পেলে ঠিক নেই। ক্ষমতায় গিয়ে লুটপাট, দুর্নীতি ও হাওয়া ভবন সৃষ্টি করাই তাদের লক্ষ্য।

এর আগে শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের জন্য আলাদা দুটি টিম গঠন করা হয়। প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে উত্তরাঞ্চলের টিমের সদস্যরা হলেন- প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান, উপদফতর সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য সফুরা বেগম।

অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের নেতৃত্বে দক্ষিণাঞ্চলের টিমের সদস্যদের মধ্যে আছেন সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য আমিরুল আলম মিলন, এবিএম রিয়াজুল কবির কাওছার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন। টিমে আরও সদস্য অন্তর্ভুক্ত হবেন।

এসব টিমের সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সভায় প্রয়াত সাবেক এমপি ফজিলাতুন্নেছা বাপ্পির মৃত্যুতে শোক ও তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার, আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com