মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার বনানীতে সৈয়দ আশরাফুল ইসলামের কবরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন,“আমাদের দেশের একজন বিরল রাজনীতিবিদ সৈয়দ আশরাফ। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলাম এর সুযোগ্য পুত্র। সৈয়দ আশরাফুল ইসলাম আমাদের পার্টির পর পর দুই বারের সাধারণ সম্পাদক ছিলেন।’৭৫ পরবর্তী সময়ে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন।বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে একজন পারফেক্ট ম্যান ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম।
‘তার জীবনী থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়ার আছে। নতুন প্রজন্মের সকলেই সৈয়দ আশরাফুল ইসলামের বিনম্র নম্রতা, সততা তার বিনয় ভবিষ্যত রাজনীতিকের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
ওবায়দুল কাদের বলেন, ‘আমি মনে করি তার প্রথম মৃত্যুবার্ষিকী তখনই সার্থক হবে যদি আমরা তার মতো আচরণে বিনয়ী, নম্র এবং বাস্তব জীবনে তার মতো সৎ হতে পারি। আজ সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হচ্ছে, এখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নিতে পারবে।’
শ্রদ্ধা শেষে সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার শান্তির উদ্দ্যেশে মোনাজাত করেন আওয়ামী লীগের নেতারা।
এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তার বোন কিশোরগঞ্জ-০১ সংসদীয় আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর।
নগরকন্ঠ.কম/এআর