মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিতে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থীর ছড়াছড়ি। কাউন্সিলর পদে দলীয় প্রতীকে নির্বাচন না হলেও রাজনৈতিক দলগুলো প্রতিটি ওয়ার্ডে একজন প্রার্থীকে দলীয়ভাবে সমর্থন দিচ্ছে।
বিএনপিও দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টিতে এবং উত্তর সিটির ৫৪টির মধ্যে ৫৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করেছে। কিন্তু এসব ওয়ার্ডে দল সমর্থিত প্রার্থীর বাইরেও বিদ্রোহী প্রার্থী রয়েছেন শতাধিক। এছাড়া দুই সিটির ৫ টি ওয়ার্ডে দলটির পক্ষে এখন পর্যন্ত কাউকে একক সমর্থন দেওয়া সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য দুই সিটির ১২৯ টি সাধারন ওয়ার্ডে ও ৭৮ টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কমিশনার পদে নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপির দলীয় মনোনয়ন লাভের জন্য ফরম কিনে দলের মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাতকার দেন ৪৭৬ জন। শেষ পর্যন্ত যারা মনোনয়ন পাননি তাদের বেশীর ভাগই শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকতে চান।
ইতিমধ্যে দলের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একাধিক কমিটি করা হয়েছে। তারা চেস্টা করছেন বিদ্রোহীদের মনোনয়নপত্র প্রত্যাহার করানোর জন্য। তবে অধিকাংশ বিদ্রোহী প্রার্থী মনে করছেন তারা যোগ্য, তারাই বিজয়ী হবে অথচ মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তাই মাঠ ছাড়তে রাজি নন।
নগরকন্ঠ.কম/এআর