মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

বিদ্রোহী প্রার্থীরা আওয়ামী লীগের গলার কাঁটা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থীরা। দলীয়ভাবে একক প্রার্থীর নাম ঘোষণা করা হলেও দুই সিটির ১২৯টি ওয়ার্ডের মধ্যে ১১৫টিতে রয়েছেন ২৯২ জন বিদ্রোহী।

এদের মধ্যে ২০ জন আছেন বর্তমান কাউন্সিলর। অর্ধ শতাধিক বিদ্রোহী প্রার্থী দলীয় সমর্থন পুনর্বিবেচনা ও কাউন্সিলর প্রার্থী উন্মুক্ত করে দেওয়ার জন্য আবেদন করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, দলের নেতারা পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের ভোট ভাগাভাগি হবে। এর প্রভাব পড়বে মেয়র প্রার্থীর ভোটের হিসাবেও।

জানা গেছে, দলীয় নীতিনির্ধারকদের পক্ষ থেকে বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দিতে নানা চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার বিষয়ে অনড় অনেকেই। অবশ্য এ বিষয়ে হার্ডলাইনে আওয়ামী লীগের হাইকমান্ড। দলীয় সভানেত্রী শেখ হাসিনা মাঠে দল সমর্থিত একক কাউন্সিলর প্রার্থী রাখার নির্দেশ দিয়ে বলেছেন, কোনো ওয়ার্ডেই যেন বিদ্রোহী প্রার্থী না থাকে। প্রয়োজনে প্রার্থিতা পরিবর্তন করে হলেও মাঠে একক প্রার্থী দেখতে চান তিনি। শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের মুলতবি যৌথসভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

দলীয় হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী বিদ্রোহীদের সঙ্গে কথা বলা শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। এক্ষেত্রে দুই মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ঢাকা সিটির অন্তর্গত সংসদ সদস্যদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এমপি ও নগর নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় দুই সমন্বয় কমিটি। দলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের দুই বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। আমুকে ঢাকা দক্ষিণ ও তোফায়েলকে ঢাকা উত্তর সিটির সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাঠে একক কাউন্সিলর প্রার্থী রাখতে জোরেসোরে কাজ শুরু করেছেন দুই সিনিয়র নেতা। আগামীকাল ৯ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

তিন ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন: এদিকে নির্বাচনে আরো তিনটি ওয়ার্ডের প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। এরমধ্যে উত্তরে একটি ও দক্ষিণে দুটি। গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত নতুন প্রার্থী বর্তমান কাউন্সিলর মোহাম্মদ নাছির। এর আগে সমর্থন দেওয়া হয়েছিল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমানকে। এছাড়া ঢাকা দক্ষিণে ৫ নম্বর ওয়ার্ডে নতুন প্রার্থী সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস। এর আগে এখানে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল বর্তমান ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আশরাফুজ্জামান ফরিদকে। ৮ নম্বর ওয়ার্ডে পরিবর্তিত প্রার্থী হলেন বর্তমান ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মিয়া। এখানে মনোনয়ন দেওয়া হয়েছিল ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক ইসমাইল জবিউল্লাহকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com