মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সাবেকরা প্রচারণা চালাতে পারলে বর্তমান এমপিরা কেন পারবে না?- ইসিকে আমু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক এমপিরা প্রচার চালাতে পারলে বর্তমান এমপিরা পারবে না কেন- নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে এমন প্রশ্ন ছুড়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু।

দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমণ্ডির বাসভবনে অনুষ্ঠিত এক বিশেষ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রশ্ন ছুড়েন তিনি।

সংবাদ সম্মেলনে আমু বলেন, নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে- সংসদ সদস্যরা সিটি নির্বাচনে প্রচার চালাতে পারবেন না এটা অত্যন্ত দুঃখজনক। একজন কাউন্সিলর প্রার্থী যিনি সংসদ নির্বাচনের সময় এমপির পক্ষে কাজ করেছেন এখন সেই এমপি তার নির্বাচনে রিটার্ন দিতে পারবে না এটা দুঃখজনক। এটা নাগরিক অধিকার খর্ব করার জন্য করা হয়েছে। সাবেক এমপিরা প্রচার চালাতে পারলে বর্তমান এমপিরা পারবে না- এটা কোনো কথা হল না। এটা লেভেল প্লেয়িং ফিল্ড হল কীভাবে? এই আইন বাতিল করার বিবেচনা করা উচিত।

তিনি বলেন, এটা স্থানীয় নির্বাচন হলেও এই নির্বাচনকে অরাজনৈতিক নির্বাচন বলার সুযোগ নেই। স্বাধীনতাবিরোধী, জঙ্গিবাদী শক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা ঘরে বসে থাকতে পারি না। ১৪ দল ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে কয়েকটি জায়গায় জনসভা করবে।

এ সময় এক প্রশ্নের জবাবে আমির হোসেন আমু আরও বলেন, বিএনপি পরাজয় ধরে নিয়েই নির্বাচন করছে। তারা ভোটগ্রহণ চলাকালে নির্বাচন বর্জন করে। তাই তারা আগে থেকেই ফিল্ড তৈরি করে রাখার জন্য, প্রস্তুতি রাখার জন্য এ সব কথা বলছে।

এদিকে, সংসদ সদস্যরা (এমপি) প্রচারে অংশ নিতে নির্বাচনে আইনের বাধাকে ‘দুঃখজনক’ আখ্যায়িত করেছে ১৪ দল। একই সঙ্গে ১৪ দলীয় জোটের সভা থেকে এই আইনের বাতিলও চাওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাসদ (একাংশের) সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com