মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

বানরের জন্য অর্থ চাইলেন শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাদারীপুরের বানরের জন্য অর্থ বরাদ্দ ও প্রকল্প চান সরকারি দলের সংসদ সদস্য শাজাহান খান। এ জন্য তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীনের মনোযোগ আকর্ষণ করেছেন।

সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের আলোচনায় শাজাহান খান এই দাবি জানান। মাদারীপুরে বানরের জন্য খাদ্য সরবরাহ প্রসঙ্গে নোটিশ দেন তিনি।

শাজাহান খান বলেন, মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া বন্দর পাট ব্যবসার জন্য প্রসিদ্ধ। এখান থেকে হাজার হাজার মণ পাট ভারতে রফতানি হত। জনশ্রুতি আছে, ভারতের তুলারাম বসুরাজ শখের বশে দুটি বানর এনেছিলেন। বাড়তে বাড়তে এখন বানরের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই হাজার। স্বাধীনতার পর তুলারাম গোডাউন আদমজী পাটকলের গুদাম হিসেবে ব্যবহৃত হত।

সেখানকার একজন কর্মকর্তা বানরগুলোকে খাবার দিতেন। ১৯৮১ সালে বিএনপি গোডাউন বিক্রি করে দেয়। বানরদের খাবার দেয়াও বন্ধ হয়ে যায়। ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার এই বানরগুলোর জন্য খাবার সরবরাহ করেছিল। বর্তমানে সরবরাহ না থাকায় বানরগুলো রাস্তায় মানুষের খাবার ছিনিয়ে নেয়, দোকান থেকে খাবার ছিনিয়ে নেয়, বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করে খাবার ছিনিয়ে নেয়। এখানকার জনগণ বানরের অত্যাচারে অতিষ্ঠ। বানরকুল রক্ষার জন্য তাদের খাদ্যের জন্য অর্থ বরাদ্দ ও প্রকল্প গ্রহণ জরুরি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com