মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে রোহিঙ্গা সমস্যার সমাধান নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে অন্তর্বর্তীকালীন যে চারটি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে- এর মধ্যে রোহিঙ্গা গণহত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়নি। আদালতের আদেশে রোহিঙ্গা সমস্যা সমাধানের সুস্পষ্ট কোনো কার্যকর ব্যবস্থা নেই। রোহিঙ্গাদের ফেরত নেয়ারও কোনো নির্দেশনা আদালতের আদেশে নেই। তদুপরি আন্তর্জাতিক আদালতে এ ধরনের বিচার একটি দৃষ্টান্ত বলে মনে করেন তিনি।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের মুলিবাড়িতে শুক্রবার সন্ধ্যায় রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার রায় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
রোহিঙ্গা নির্যাতনের ঘটনা অতিরঞ্জিত বলে মিয়ানমারের নেত্রী অং সান সুচি যে বক্তব্য দিয়েছেন তা নিন্দনীয় বলেও তিনি মন্তব্য করেন। মোহাম্মদ নাসিম ঢাকা থেকে সড়ক পথে বঙ্গবন্ধু সেতু পেরিয়ে সেতুর পশ্চিমপাড়ের মুলিবাড়িতে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুর রউফ পান্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা দানীসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা
নগরকন্ঠ.কম/এআর