মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

‘বিএনপি প্রার্থী নিজেই প্রতিপক্ষের অফিসে লাথি মেরেছেন’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিএনপি প্রার্থী নিজেই প্রতিপক্ষের অফিসে লাথি মেরেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটার ভিডিও ফুটেজ রয়েছে। ভিডিও ফুটেজে যেটা পাওয়া গেছে গুলিটা কোনো পক্ষ থেকে আসছে। তারপর অফিসে লাথি মারা একটি ফুটেজও আছে। প্রতিপক্ষের অফিসে প্রার্থী নিজেই লাথি মেরেছে। সেটাও কিন্তু ফুটেজে আছে। এখানে দোষ তারই। তারপরও ইসিকে আহ্বান করব ফুটেজ বিশ্লেষণ করে সঠিক তদন্ত সাপেক্ষে সত্য উদঘাটন করতে।

তিনি আরও বলেন, ভিডিও ফুটেজে যা কিছু আছে তাতে প্রমাণ হয় না যে, আওয়ামী লীগের সমর্থকরা আগে হামলা করেছে। তাতে দেখা যায় বিএনপি প্রার্থী নিজেই প্রতিপক্ষের অফিসে লাথি মেরেছেন।

ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন কমিশনের নিয়ন্ত্রণে। যারা পরিবেশ নষ্ট করছেন, তাদের বিরুদ্ধে কমিশনই ব্যবস্থা নিতে পারেন।

বিএনপি এখন যে সুরে কথা বলছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও একই সুরে কথা বলছেন বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, একজন কমিশনার ভিন্নমত পোষণ করতেই পারেন। কিন্তু তিনি (মাহবুব তালুকদার) কথায় কথায় যেভাবে তাদের ঘরের বিষয় বাইরে নিয়ে আসছেন, সেটা অবশ্যই সমর্থনযোগ্য নয়।

উল্লেখ্য, রবিবার দুপুরে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক সংবাদকর্মীসহ ডজনখানেক লোক আহত হয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com