রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

আরিচা-নগরবাড়ী রুটে আবার ফেরি সার্ভিস চালু হবে : নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ কমাতে আরিচা-নগরবাড়ী রুটে ফেরি সার্ভিস চালুর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এছাড়া আরিচা- রাজবাড়ীর নরাদহ রুটে ফেরি সার্ভিস এবং সিরাজগঞ্জের বাঘাবাড়ীকে আধুনিক বন্দরে পরিণত করা হবে।

বৃহস্পতিবার পাবনার নগরবাড়ীতে আনুষঙ্গিক সুবিধাদিসহ নদী বন্দর নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে হরিনাথপুর এসইএসডিপি মডেল হাই স্কুল মাঠে এক সুধি সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর নদী কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু নৌপথ খননের জন্য বিআইডব্লিউটিএর বহরে ৭ টি ড্রেজার সংগ্রহ করেছিলেন। এর পর ২০০৯ সাল পর্যন্ত কোন সরকার নতুন করে আর কোন ড্রেজার ক্রয় করেনি। গত ১০ বছরে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ২০০ ড্রেজার সংগ্রহ করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন, আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলাম, সুজানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, আব্দুল কাদের প্রমুখ।

উল্লেখ্য, ৫১৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নদী বন্দর নির্মাণ সংক্রান্ত প্রকল্পের কাজ ২০২১ সালের ৩০ জুন শেষ হবে। প্রকল্পের মূল কাজগুলোর মধ্যে ভূমি উন্নয়ন, ড্রেজিং, পাকা জেটি, তীর রক্ষা বাঁধ, সংযোগ সড়ক, স্টিল গ্যাংওয়ে, পন্টুন, কাঁটাতারসহ সীমানা প্রাচীর, যাত্রীছাউনি, পাকা সিঁড়ি, গুদাম, উন্মুক্ত স্থান, বন্দর ভবন, প্রশাসনিক ভবন, পরিদর্শন বাংলো, ডরমেটরি ও পাইলট হাউজ নির্মাণ করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com