রবিবার, ১২ Jul ২০২৬, ০২:২২ অপরাহ্ন

এমন সুযোগ জীবনে আর পাবেন না: বিএনপিকে নাসিম

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বিএনপির নেতাকর্মীদের জামায়াত-শিবিরকে ছেড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উৎসবে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এমন সুযোগ জীবনে আর পাবেন না। এতে অংশ নিলে আপনাদের পাপ কিছুটা হলেও কমবে।

বুধবার বিকালে বগুড়া শহীদ খোকন পার্কে বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আবদুল মান্নানের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ দু’বছর জেলে। বিএনপি নেতারা শুধু হুংকার দেয়; ঘর থেকে বের হয় না। শুধু মিলাদ ও প্রেসব্রিফিংয়ের মধ্যে তাদের রাজনীতি সীমাবদ্ধ। তাই তাদের নেত্রী ছাড়া পাবেন কী না তা আল্লাহ জানেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নেত্রী জেলে থাকতে আমরা মার খেয়েও রাজপথে থেকেছি। তাই বলি বিএনপির রাজনীতি গানের কলির মতো ‘এ জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল।’

নাসিম বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। ১৯৭৫ সালে তাকে সপরিবারে হত্যা করে এ দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল; কিন্তু খুনিরা তা পারেনি। খালেদা জিয়া বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীর দিনে কেক কেটে জন্মদিন পালন করে তাকে অশ্রদ্ধা করেছেন। বঙ্গবন্ধুর খুনিদের জিয়া, এরশাদ ও খালেদা জিয়া প্রশ্রয় দিয়েছেন।

তিনি আরও বলেন, একজন সাধারণ মানুষ খুন হলেও তার বিচার হয়; কিন্তু বিএনপি আইন করে ২১ বছর বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করেছিল। আওয়ামী লীগ লড়াই-সংগ্রাম করে খুনিদের বিচার করেছে। বঙ্গবন্ধুর হত্যার বিচার না করে পাপের ফল হিসেবে আজ বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাহিরে।

মোহাম্মদ নাসিম বগুড়া-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাহাদারা মান্নানকে বিপুল ভোটে নির্বাচিত করতে নেতাকর্মীর তার পাশে থাকার আহ্বান জানান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com