রবিবার, ১২ Jul ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

দেশের নারীদের আমরা অনেক এগিয়ে দিয়েছি : আবদুল মুহিত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমাদের দেশের নারীদের আমরা অনেক এগিয়ে দিয়েছি। কিন্তু এত চেষ্টার পরও আমাদের কর্মীবাহিনীর মাঝে নারীদের সংখ্যা অনেক কম। সারা দেশে মাত্র ৩০ শতাংশ নারী বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন।

তিনি বলেন, আমাদের কর্মজীবনে যে সব নারী আমাদের সহকর্মী তাদের এগিয়ে নিতে কাজ করতে হবে। এই কর্মজীবী নারীর সংখ্যা ৩০ শতাংশ থেকে ৭০ শতাংশে আনতে হবে।

রোববার রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধে নারীর অবদান ও নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল মাল আবদুল মুহিত এ সব কথা বলেন।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ মুজিবশতবর্ষ উপলক্ষে ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের আয়োজন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নিবেদনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্নেহধন্য ৬ নারীকে সম্মাননা দেয়া হয়।

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, আবেদা চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাস, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা ও মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবিনা সুলতানার পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানার বেগম।

আরও বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত ৬ নারী হলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, আবেদা চৌধুরী, সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর কন্যা এ জেড রওশন জেরিন রুবা, বেগম শামসুন্নাহার মিনু, বিয়ানিবাজার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রমা রায় চৌধুরী চক্রবর্তী ও নাজনীন হোসেন।

বঙ্গবন্ধুর স্নেহধন্য এই ৬ নারীকে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। পরে তারা বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল অন্বেষা শিল্পীগোষ্ঠী, মৃত্তিকায় মহাকাল, জামাল উদ্দিন বান্না, মালতি পাল, অমিত ত্রিবেদি প্রমুখ।

আয়োজনের তৃতীয় দিন সোমবার সিলেট উইমেন্স চেম্বারের নিবেদনে ‘বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, আলোর পথে নারীর অভিযাত্রী’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট অভিনেত্রী ও এফবিসিসিআই-এর পরিচালক শমী কায়সার।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com