রবিবার, ১২ Jul ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন একটি দল। আমার আসনে তারা আরো বেশি জনবিচ্ছিন্ন। জনগণের ভোট চুরি করে করে এ দলটি জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে।
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের কাছে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে সঙ্গে নিয়ে জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-সভাপতি নবী উল্লাহ নবী, ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সৈকত, শ্রমিক দলের সভাপতি আবু কাওছারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
নির্বাচনে রাষ্ট্রের পক্ষ থেকে কোন সহযোগিতা পাচ্ছেন না এমন অভিযোগ করে ধানের শীষের প্রার্থী রবিউল আলম বলেন, দেশের সর্বস্তরে মানুষ আজ অধিকার বঞ্চিত। তারা তাদের ন্যায় সঙ্গত সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার চায়। বিএনপি সেই অধিকার প্রতিষ্ঠা করতেই সংগ্রাম করছে, লড়াই করছে, শত প্রতিকূলতার ভেতরও নির্বাচনে থাকছে।
নির্বাচনী প্রচারণায় জনগণের কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ এলাকার জনগণের সাঙ্গে আমার ২৮ বছরের সম্পর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে এ এলাকার রুট লেভেলে রাজনীতি করছি। তাদের সাথে আমার আত্মিক সম্পর্ক । সবার সঙ্গে আমার নাড়ির সম্পর্ক গড়ে উঠেছে। তাদের প্রতি আমার আস্থা আছে। তারা তাদের প্রতিনিধি হিসেবে আমাকে দেখতে চায়। এই দেখার সুযোগ সরকার গ্রহণ করবে কিনা এটি হলো প্রশ্ন। সরকার যদি জনগণের ভোটাধিকারের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ দেয় তাহলে ধানের শীষের বিজয়ের ব্যাপারে কোন শঙ্কা নাই।
আওয়ামী লীগের সমালোচনা করে শেখ রবি বলেন, তাদের কাছ থেকে মানুষ এখন আর কিছু আশা করেনা। তারা জনমতের বিরুদ্ধ শক্তি। আমরা জনগণের কাছে যাচ্ছি। তাদের ভোটাধিকারের বিষয়ে সোচ্চার করছি। জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে নৌকার ভরাডুবি হবে। জনগণের রায় নিয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে আমি সংসদে যাব। অবৈধ সরকারের বিরুদ্ধে সংসদে সরব থাকবো।
টানা ছয়দিন মাঠ পর্যায়ে ব্যাপক গণসংযোগের পর গতকাল বেশকিছু দলীয় অনুষ্ঠানে অংশ নেন বিএনপির এ প্রার্থী। দিনের সর্বশেষ কর্মসূচী হিসেবে রাতে প্রকৌশলী ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় মহানগর দক্ষিণ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
নগরকন্ঠ.কম/এআর