রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সব দুর্যোগ মোকাবেলায় দেশের মানুষের পাশে ছিলো: মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগই একমাত্র দল, যে দলটি সব ধরনের দুর্যোগ মোকাবেলায় দেশের মানুষের পাশে ছিলো।

তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র দল, যে দলটি, যে কোনো ধরনের দুর্যোগের সময়ে দেশের মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। ভবিষ্যতে এই দলটি মানুষের পাশে থাকবে। ভবিষ্যতেও আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে করোনা ভাইরাসসহ সব ধরনের সংকট মোকাবিলা করে এগিয়ে যাবে।

আজ মঙ্গলবার রাজধানীর আজিমপুরে এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাদ্য, বস্ত্র ও করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ শেষে এ কথা বলেন মোহাম্মদ নাসিম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে।

আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, শুধু ভোট চাওয়া, ক্ষমতায় আসার রাজনীতি নয়; প্রতিটি সংকটে অতীতে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ জনগণের পাশে ছিল, তেমনি করোনা ভাইরাস সঙ্কট মোকাবেলার ক্ষেত্রেও জনগণের পাশে থেকে জয়ী হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। জনগণের সঙ্কটে পাশে থাকে, কাছে থেকে সহযোগিতা করে; এটাই আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, বঙ্গবন্ধুর সাহসিকতার জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছিলাম আর এখন শেখ হাসিনার সাহসিকতার জন্য যে কোনো সংকট, যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে পারে বাংলাদেশ।

করোনা ভাইরাস নিয়ে সরকারের বিরুদ্ধে বিএনপির বক্তব্য দলটির ভুল রাজনীতির বহিঃপ্রকাশ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, যারা করোনা ভাইরাস সংকট নিয়ে রাজনীতি করে, তাদের আমি বলতে চাই, আপনারা চিরদিনই ভুল রাজনীতি করেছেন। বাঙালি চিরদিনই যেকোনো সংকট মোকাবিলা করে জয়লাভ করছে, এবার করোনা ভাইরাস পরিস্থিতি সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে নিয়ন্ত্রণ করতে পারবে। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com