রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

যারা বঙ্গবন্ধুর নাম মুছতে চেয়েছিল তারা নিশ্চিহ্নের পথে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিলেন রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের নাম মুছে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, পঁচাত্তরের পরে যারা জাতির পিতার নাম মুছে ফেলতে চেয়েছিল, রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের নাম একদিন মুছে যাবে। তারা আজ নিশ্চিহ্ন হওয়ার পথে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আরও এগিয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এসে আমরা নতুন করে নতুন উদ্যমে কাজ শুরু করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা কায়েম করবই।

দেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সহযোগিতা কামনা করে সেতুমন্ত্রী বলেন, দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে। মুজিববর্ষে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা আজ নতুন করে শপথ নিচ্ছি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com