রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সাবেক হুইপ শহীদুল হক জামাল আর নেই

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল আর নেই। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

শহীদুল হক জামালের সাবেক এপিএস ফকির নাসির উদ্দিন বুধবার দুপুরে জানান, অসুস্থতার কারণে গত ৪ মার্চ দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নেয়া হয় বিএনপির সাবেক এ এমপিকে। সেখানে তার গলব্লাডারে অস্ত্রোপচার করা হয়। এর আগে তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার বিকালে লাশ ঢাকায় আসার কথা। লাশ ঢাকায় আসার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিএনপির প্রতিষ্ঠালগ্ন শহীদুল হক জামাল দলটির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর তাকে জাতীয় সংসদের হুইপ করা হয়।

শহীদুল হক জামাল ওয়ান ইলেভেনের পটপরিবর্তনের পর বিএনপিতে সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত হন। তাকে বহিষ্কারও করা হয়। পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। পরে তিনি বরিশাল-২ ও পিরোজপুর-১ আসনে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম তোলেন। তবে ওই নির্বাচনে দল তাকে মনোনয়ন দেয়নি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com