রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

করোনা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ দেখতে চায় জনগণ: ন্যাপ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া বলেছেন, করোনা প্রতিরোধে সব প্রস্তুতি আছে- এমন ভাঙা রেকর্ড আর শুনতে চায় না জনগণ। তারা করোনার মতো মহাবিপর্যয় মোকাবেলায় কার্যকরী ও দৃশ্যমান সরকারি পদক্ষেপ দেখতে চায়।

বুধবার সকালে রাজধানীতে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের সময় গোলাম মোস্তফা এসব কথা বলেন।

বাংলাদেশ ন্যাপের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে, তোপখানা, নয়াপল্টন, বিজয়নগর, পুরানা পল্টনে লিফলেট বিতরণ করা হয়।

এম গোলাম মোস্তফা বলেন, এটা দুর্ভাগ্যজনক যে, এখনও আমরা গুজবে বিভ্রান্ত হচ্ছি এবং ফেসবুকে নানাবিধ অপপ্রচার করা হচ্ছে। আসলে করোনা এখন বিশ্বমহামারী। কিন্তু আমরা দেখছি বিভিন্ন মানুষ করোনাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলছেন। এগুলো না করে উচিত হবে ঐক্যবদ্ধভাবে মানুষকে কীভাবে রক্ষা করা যায় তার জন্য সবাইকে এগিয়ে আসা।

ন্যাপ মহাসচিব বলেন, বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্রে আইসোলেশন করা কঠিন হয়ে যাবে। তাই সচেতনতার বিকল্প নেই। সাধারণ মানুষ যদি করোনাভাইরাসের লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ সম্বন্ধে সচেতন হয়, তাহলেই করোনা মোকাবেলা অনেকটা সহজ হবে।

এ সময় সেখানে ছিলেন- এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক কামাল ভুঁইয়া, মহানগর সভাপতি শহীদুননবী ডাবলু, নারীনেত্রী মির্জা শেলী প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com