রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

বাবা ভালোবাসি’ বলতেই অঝোরে কান্না এরিকের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ‘আমার বাবা শ্রেষ্ঠ বাবা। আমি কোনো কষ্ট পেলে আমার আগে বাবা কাঁদতেন। বাবার কান্না দেখে আমিও বাবার বুকে মুখ লুকিয়ে কাঁদতাম। বাবা তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি আবার ফিরে আসো। ’

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশোদের ৯০তম জন্মদিনে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে বৃহস্পতিবার সন্ধ্যায় স্মরণসভায় বাবাকে এভাবেই স্মরণ করছিলেন তার ছোট ছেলে এরিক এরশাদ।

এ সময় পিতার স্মৃতিকাতর হয়ে অঝোরে কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলের কান্না দেখে কাঁদেন পাশে বসা মা বিদিশা এরশাদসহ আমন্ত্রিত অতিথিরাও। এ সময় এরিক তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে তার জন্য দলের নেতা-কর্মীসহ দেশবাসীর দোয়া কামনা করেন।

স্মরণসভায় এরিকের মা বিদিশা এরশাদ বলেন, জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন একজন ভালো মানুষ। তিনি নিজেকে যতটুকু ভালোবাসতেন, তারচেয়ে বেশি ভালোবাসতেন দেশ ও জাতিকে। দলের নেতা-কর্মীদের নিজের সন্তানের মতোই জানতেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানুষের সেবা করে গেছেন। আল্লাহ তাকে বেহেশত নসীব করুক।

এরিকের জন্য দোয়া কামনা করে বিদিশা বলেন, আমি একজন মা, মা হিসেবে সন্তানের সুখের জন্য, ভালো থাকার জন্য আমি সবকিছু করবো। পার্টির সব নেতা-কর্মীর সহযোগিতা কামনা করছি।

হুসেইন মুহম্মদ এরশোদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতারের সভাপতিত্বে সভায় স্মৃতিচারণ করেন জাপার জ্যেষ্ঠনেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, প্রেসিডিয়াম সদস্য (রওশন) কাজী মামুনুর রশীদ, ফখরুজ্জামান জাহাঙ্গীর, বিএনএ চেয়ারম্যান শেখ সেকান্দার আলী মনি, ন্যাশনাল কংগ্রেসের সভাপতি শহিদুজ্জামান শহীদ, রেজাউল করিম বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

স্মরণ সভা শেষে এরশাদের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত হয়। প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও স্মরণ সভার আয়োজন করে হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্ট। তিনদিনের কর্মসুচির প্রথমদিনের স্মরণ সভায় এরিক এরশাদ।

সাবেক রাষ্ট্রপতির জন্মদিনে সকাল থেকেই কোরআন খতম দেয়া হয়। দোয়া মোনাজাত শেষে দুপুরে বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com