রবিবার, ১২ Jul ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

করোনা পরিস্থিতিতে গার্মেন্টস চালু রাখাটা হবে আত্মঘাতী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো দেশের সব গার্মেন্টস কারখানাগুলো শিগগিরই বন্ধ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মাহমুদ হোসেন।

শনিবার (৪ এপ্রিল) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে নারায়ণগঞ্জ শহরস্থ নাগবাড়ী এলাকাতে গার্মেন্টস শ্রমিক, দিনমজুরসহ অসহায় দুস্থ মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

শ্রমিকনেতা মাহমুদ হোসেন দরিদ্র মানুষের অসহায়ত্বের কথা বিবেচনা করে আগামী ৬ মাসের জন্য এনজিও’র ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ রেখে তা মওকুফ করে দেওয়ার দাবি জানান।

এসময় তিনি বলেন, মরণঘাতী করোনার ভয়াবহ সংক্রমণ রোধে জনগণকে সামাজিক দূরত বজায় রাখার পরামর্শ দিয়ে গার্মেন্টস কারখানা চালু রাখাটা হবে আত্মঘাতী। বিশ্বের বিভিন্ন দেশ যেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লকডাউন, কারফিউ এমন কি রাস্তায় দেখা মাত্র গুলি করার নির্দেশ দিচ্ছে, সেখানে বাংলাদেশে গার্মেন্টসের মতো শ্রমঘন প্রতিষ্ঠান চালু রাখা কোনোভাবেই সমীচীন হবে না।

তিনি বলেন, ইতোপূর্বে স্বাস্থ্যবিধির নামে গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রবেশের সময় শুধুমাত্র ব্লিচিং পাউটার মিশ্রিত পানি দিয়ে হাত ধুয়ে এবং বিগত পুরো সময় নিজস্ব প্রতিষ্ঠানের সাধারণ টি-শার্টের ফেব্রিক্স দিয়ে তৈরিকরা একটি বিশেষ মাস্কই দেওয়া হয়েছে। ব্যতিক্রম ছাড়া এই হলো বাংলাদেশের গার্মেন্টস শিল্পকারখানার স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রাখার বাস্তবতা। অতএব করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকারের প্রণোদনাভোগী এ গার্মেন্টস শিল্পকে বাধ্যতামূলক বন্ধ রাখার ঘোষণা দিতে হবে। নয়তো ইউরোপ-আমেরিকার মতো বাংলাদেশেও করোনার ভয়াবহ সংক্রমণ ও মৃত্যুর মিছিল শুরু হলে এর দায়-দায়িত্ব সরকারসহ বিকেএমইএ ও বিজেএমইএকেই নিতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চলমান খাদ্য সহায়তা কর্মসূচি অংশ হিসেবে প্রত্যেককে চাল, ডাল, তৈল, আলু, পেঁয়াজসহ প্রায় ১৩ কেজি পরিমাণ খাদ্রসামগ্রী দেওয়া হয়। এ খাদ্য সহায়তা চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সাইফুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতা হাবিবুর রহমান আঙ্গুর, রোকসানা বেগম, গার্মেন্টস শ্রমিকনেতা মোহাম্মদ আলী প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com