শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের মধ্যে দেশব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওঠায় কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ত্রাণ বিতরণের নামে কোনো রকম অনিয়ম সহ্য করা হবে না, খেটে খাওয়া মানুষের ত্রাণ ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে হবে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সংসদ ভবনে এলাকায় নিজের সরকারি বাসভবনে এক ভিডিও বার্তায় তিনি একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, ত্রাণ বিতরণে কোনো রকম অনিয়ম সহ্য করা হবে না। খেটে খাওয়া মানুষের ত্রাণ নিয়ে যারাই ছিনিমিনি খেলবে, তারা যেই হোক তাদের কঠোর হস্তে দমন করা হবে।’
কর্মহীন মানুষের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই মুহূর্তে এই দুর্যোগে খেটে খাওয়া কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান বিত্তবান মানুষ এবং আওয়ামীলীগ নেতা-কর্মীদের তাদের চলমান প্রয়াস আরো জোরদার করার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘একটি কুচক্রী মহল এই দুর্যোগকালেও নানা গুজব ছড়াচ্ছে। এসকল গুজবের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার এবং গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘করোনা নামে এ অদৃশ্য শক্তিকে পরাজিত করতে আমাদের সকলকে আজ দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মতপার্থক্য ভুলে সব রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন সবাইকে ধৈর্য ও সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘এই লড়াইয়ে জিততে হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।’
করোনা সংকটে নিবেদিত চিকিৎসক-নার্স, হাসপাতাল কর্মী চিকিৎসা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অতীতের মতো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মনে রাখতে হবে ঘরে ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে যারা পারবেন না তারা নিজেরাই নিজেদের জন্য বিপদ ডেকে আনবেন।’
নগরকন্ঠ.কম/এআর