শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

চাল চোরদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: অলি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : এ ক্রান্তিকালে যারা চাল চুরি করে তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম ।

শনিবার (১১ এপ্রিল) এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে অলি আহমদ বলেন, ‘লকডাউনের কারণে সমগ্র দেশে কয়েক কোটি হতদরিদ্র এবং বেকার মানুষ অতি কষ্টে জীবন যাপন করছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য সরকারের পক্ষ থেকে স্বল্পমূল্যে চাল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু করোনাভাইরাসের মত এতো বড় মহামারির মধ্যেও দুর্নীতিবাজরা ত্রাণ ও স্বল্পমূল্যের চাউল আত্মসাৎ করছে। এ ধরনের পশুদের বেঁচে থাকার অধিকার নেই। এদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।’

কর্নেল অলি বলেন, ‘প্রতিদিন মিডিয়াতে যে পরিমাণ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর তালিকা পাচ্ছি তার চেয়েও বেশি পাচ্ছি চাল চোরের সংখ্যা। জাতির এই ক্রান্তিকালে যারা গরিবের হক মেরে খায় তারা দেশের শত্রু, মানবতার শত্রু।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এই ত্রাণ সামগ্রী ও স্বল্পমূল্যের চালগুলো সশস্ত্র বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে বিতরণ করা প্রয়োজন। এতে করে হতদরিদ্র, বেকার শ্রমিকরা উপকৃত হবে এবং জনগণও শান্তিতে থাকবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com