শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

ত্রাণপ্রার্থীদের সঠিক তালিকা প্রণয়ন দাবি জাসদের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা পরিস্থিতিতে ‘দিন আনে দিন খায়’ মানুষসহ যারা কর্মহীন হয়ে খাদ্য সংকটে আছেন, তাদের সঠিক তালিকা করে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শনিবার (১১ এপ্রিল) দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে এই দাবি জানান।

নেতারা বলেন, ‘প্রধানমন্ত্রীর বার বার হুঁশিয়ারির পরও খাদ্যত্রাণ সহায়তা প্রার্থীদের তালিকা প্রণয়নে অনেক ক্ষেত্রেই সমন্বয়হীনতা, দুর্নীতি, দলীয়করণ হচ্ছে। যাদের খাদ্য, ত্রাণ দরকার নেই তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যাদের নাম তালিকায় আছে তারা খাদ্য ত্রাণ পায়নি। আবার কেউ কেউ একাধিকবার ত্রাণ নিয়েছে। কেউ কেউ একবারও খাদ্যত্রাণ পায়নি।’

স্বজনপ্রীতি জঘন্য পর্যায়ে পৌঁছেছে মন্তব্য করে তারা বলেন, ‘প্রকৃত খাদ্য ত্রাণপ্রার্থীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত না করে প্রভাবশালী ব্যক্তিরা তাদের ব্যক্তিগত পছন্দের লোকদের নাম তালিকা অন্তর্ভুক্ত করছে, যাদের খাদ্যত্রাণ দরকার নেই।’

খাদ্য ও ত্রাণ সহায়তা প্রার্থীদের তালিকা প্রণয়ন ও বিতরণে যে সমন্বয়হীনতা ও দুর্নীতি হয়েছে—তা অবিলম্বে দূর করে সঠিক নাম তালিকায় অন্তর্ভুক্ত করা জন্য সরকার ও প্রশাসনকে কঠোর অবস্থান গ্রহণ করার আহবান জানান তারা।

লকডাউন ও সামাজিক দুরত্ব রাখা কার্যকর রেখে জনসমাগম ও সংক্রমণ বিস্তারের ঝুঁকি এড়িয়ে ত্রাণ বিতরণ করতে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পদ্ধতি চালু করতে হবে বলেও পরামর্শ দেন তারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com