শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

চাল আত্মসাতকারীদের দ্রুত গ্রেপ্তার করুন: ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা দুর্যোগে হতদরিদ্র, অসহায় ও নিরন্ন মানুষের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাত, মজুদ ও কালোবাজারে বিক্রির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

দলের সাধারণ সম্পাদক সাইফুল হক আজ শনিবার এক বিবৃতিতে এ দাবি জানান।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের সতর্কবাণী সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রেই সরকার দলীয় বিভিন্ন স্তরের লোকজন ও কথিত জনপ্রতিনিধিরা এসব দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এ কারণে অনেক ক্ষেত্রে এদেরকে গ্রেপ্তার ও চুরিকৃত চাল উদ্ধার করতে যেয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে প্রশাসন।

সাইফুল হক বলেন, চালসহ ত্রাণসামগ্রী বিতরণেও চলছে অনিয়ম ও দলীয়করণ। কোন নজরদারি ও তদারকি না থাকায় বেশীরভাগ বরাদ্দ চলে যাচ্ছে সরকারদলীয়দের কাছে।

তিনি এসব চুরি, দুর্নীতি ও দলীয়করণ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সকল রাজনৈতিক দল ও এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে ‘গণতদারকি কমিটি’ গঠনের আহ্বান জানান।

বিবৃতিতে বেসরকারি সংস্থা ব্রাকের জরিপের কথা উল্লেখ করে সাইফুল হক বলেন, জরিপ অনুযায়ী এই মুহূর্তে ১৪ শতাংশ মানুষের ঘরে কোন খাবার নেই। করোনা পরিস্থিতিতে গত এক মাসেই নতুন করে দারিদ্রসীমার নীচে নেমে গেছে লাখ লাখ মানুষ। আগামী দেড়/দু’মাসে খাদ্য পরিস্থিতির গুরুতর অবনতি ঘটনার আশঙ্কা তৈরী হয়েছে।

তিনি জরুরিভিত্তিতে দেশের লাখ লাখ অভুক্ত পরিবারের কাছে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছানোর দাবি জানান। প্রকৃত হতদরিদ্র পরিবারগুলো কাছে খাদ্যসহ ত্রাণসামগ্রী পৌঁছাতে সশস্ত্র বাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুক্ত করার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com