শনিবার, ১১ Jul ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সিপিডির গবেষণা নিয়ে তথ্যমন্ত্রীর বিস্ময়

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বর্তমানে দেশের এক তৃতীয়াংশের বেশি মানুষ সরকারের সহায়তার আওতায় এসেছে- এ বিষয়টি সিপিডির গবেষণায় উঠে এলো না, বিষয়টি আশ্চর্যের।

মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে বক্তব্যে এ মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে সম্প্রতি বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) মন্তব্য- ‘প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রণোদনা নেই’ এর প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, সরকার ৫০ লাখেরও বেশি পরিবারকে ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল দিচ্ছে বছরে ৭ মাস। কার্যত ৫০ লাখ পরিবারের প্রায় আড়াই কোটি মানুষ এ সাহায্য পাচ্ছে। এই সহায়তার সময়সীমা বাড়ানোর চিন্তা-ভাবনাও করছে সরকার।

‘এছাড়া ১৭ লাখ বিধবা, ৪৪ লাখ বয়স্ক, ১৬ লাখ দুস্থসহ প্রায় ১ কোটি মানুষকে বিভিন্ন ধরনের ভাতা দেয়া হয়। করোনার কারণে কর্মহীন জনগোষ্ঠীর জন্য ৭৬০ কোটি টাকাসহ পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, এ সবকিছুই প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগছে, সিপিডির মতো একটি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণায় এ বিষয়গুলো এলো না!

গত ১১ বছরে দেশের জিডিপি প্রায় সাড়ে ৩ গুণ বেড়েছে, দেশের মানুষের মাথাপিছু আয় ও ক্রয় ক্ষমতাও প্রায় তিনগুণ বেড়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্য ১১ বছরে সিপিডি এই উন্নয়নের কোনো প্রশংসা করতে পারেনি। তাদের যে চিরাচরিতভাবে দোষ খোঁজার চেষ্টা, সে হিসেবে তাদের এই মন্তব্য গতানুগতিক।

ড. হাছান বলেন, আমরা সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। এই বিশেষ পরিস্থিতিতে শুধু সমালোচনার খাতিরে যেন সমালোচনা না করি। সরকারকে পরামর্শ অবশ্যই যে কেউ দিতে পারে, সেই পরামর্শ গ্রহণ করার মানসিকতা সরকারের আছে।

জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি কথাবার্তার প্রতিযোগিতায় ব্যস্ত মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, দেখতে পাচ্ছি গত কিছুদিন ধরে ঘরে বসে বিএনপি নেতাদের বক্তব্য রাখতে। আর ঢাকা শহরে হাতেগোনা কিছু সামগ্রী বিতরণ করে আর ফটোসেশন করে সরকারের সমালোচনা করতেই তারা ব্যস্ত। তারা জনগণের পাশে দাঁড়ায়নি।

বক্তব্যের শুরুতে সকল গণমাধ্যমকর্মীসহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী।

এসময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com