শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শ্রমিক সঙ্কটে দেশের বিভিন্ন স্থানে বোরো ধান কাটা যাচ্ছে না। এ অবস্থায় ধান কাটায় কৃষকদের সহায়তা করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
মঙ্গলবার এক বিবৃতিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে এ নির্দেশ দেন।
জিএম কাদের বলেন, বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছেনা। আবার বর্তমান বাস্তবতায় শ্রমিকদের মজুরি দেয়ার যথেষ্ট সামর্থও নেই প্রান্তিক কৃষকদের। তাই কৃষকদের এমন দুঃসময়ে জাতীয় কৃষক পার্টির নেতা-কর্মীরা অবশ্যই কৃষকের সহায়তায় এগিয়ে যাবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘চলমান মৌসুমের বোরো ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যান্ত গুরুত্বপূর্ণ, তাই জাতীয় কৃষক পার্টির পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক পার্টি, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি, জাতীয় ওলামা পার্টিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের বলবো, আপনারা বোরো ধান কাটায় কৃষকদের সহায়তা করুন।’
নগরকন্ঠ.কম/এআর