শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম জনপ্রিয় অর্থ-বাণিজ্যবিষয়ক সাময়িকী ‘ফোর্বস’ এ প্রকাশিত নিবন্ধে করোনাভাইরাস মোকাবিলায় গৃহীত পদক্ষেপের জন্য প্রশংসিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ।

সোমবার (২৭ এপ্রিল) দলের পক্ষে এক অভিনন্দন বার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সমগ্র পৃথিবী আজ ভয়াবহ সংকটের সম্মুখীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে বিশ্বের ক্ষমতাধর উন্নত রাষ্ট্রগুলোও। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও সম্পূর্ণ অপরিচিত প্রাণঘাতী এই মহামারি মোকাবিলায় নিরন্তন প্রয়াস চালিয়ে যাচ্ছে।’

‘জননেত্রী শেখ হাসিনার মেধা-মনন, সততা-নিষ্ঠা, দক্ষতা-কর্মকৌশল ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক কর্মদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। করোনা মোকাবিলার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে ভুল করেননি তিনি। তার এই ত্বরিত সিদ্ধান্তে অতিমাত্রায় সংক্রমিত ভাইরাস করোনার ব্যাপক বিস্তার রোধ করা সম্ভব হয়েছে,’ বলেন ওবায়দুল কাদের।

জাতিসংঘ, বিশ্ব স্থাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও শেখ হাসিনার গৃহীত পদক্ষেপগুলো প্রশংসা করেছে, উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে চীনে করোনাভাইরাস হানা দেয়ার পরপরই পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশ সরকার।’

ওবায়দুল কাদের বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম দিকে চীনে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয় এবং করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে স্ক্রিনিং ডিভাইস স্থাপন করে প্রায় সাড়ে ছয় লাখ মানুষের স্ক্রিনিং করা হয়, তাদের মধ্যে ৩৭ হাজার ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত পদক্ষেপের আন্তর্জাতিক এই স্বীকৃতি সংকট মোকাবিলায় দেশেবাসীকে অনুপ্রেরণা জোগাবে এবং সকলের প্রত্যয়দীপ্ত সম্মিলিত প্রয়াসকে বেগবান করবে। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে করোনাভাইরাস প্রতিরোধে আমরা সক্ষম হবো, ইনশাল্লাহ।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com