শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

কন্টেইনার খালাসে চট্টগ্রাম বন্দরের ১৩৮ কোটি ছাড়

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সীমিত সময়ের জন্য চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের স্টোর চার্জ শতভাগ মওকুফ করা হয়েছে। আগামী ৪ মে’র মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার খালাস করতে আমদানিকারককে কোনো স্টোর চার্জ দিতে হবে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দরে আটকে থাকা প্রায় ৪৯ হাজার একক ইউনিট কন্টেইনার খালাসে শিল্প মালিক ব্যবসায়ী আমদানিকারকদের বিশেষ সুযোগ দিতে এই ছাড় দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

এর ফলে চট্টগ্রাম বন্দর প্রায় ১৩৮ কোটি টাকা আয় থেকে বঞ্চিত হবে। স্টোর চার্জ মওকুফ করে দিয়ে এই বড় অঙ্কের ছাড়কে বন্দর কর্তৃপক্ষ শিল্প মালিক, ব্যবসায়ী ও আমদানিকারকদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবেই দেখছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, দেশে চলমান করোনা পরিস্থিতিতে বন্দরের অভ্যান্তরে কার্যক্রম স্বাভাবিক থাকলেও বন্দর থেকে কন্টেইনার খালাস এক প্রকার বন্ধ হয়ে গেছে।

আগে যেখানে দৈনিক তিন থেকে চার হাজার কন্টেইনার বন্দর থেকে খালাস হতো, এখন তা মাত্র চার থেকে পাঁচশ’তে নেমে এসেছে। এর ফলে বন্দর ইয়ার্ডে কন্টেইনার জট তৈরি হয়েছে। প্রায় ৪৭ হাজার একক ইউনিট কন্টেইনারের ধারণ ক্ষমতার বন্দর ইয়ার্ডে এখন কন্টেইনারের সংখ্যা ৪৯ হাজার একক ইউনিট। এই অবস্থায় দ্রুততার সাথে বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি নিতে ব্যবসায়ী শিল্প মালিক এবং আমদানিকারকদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করা হয়।

বন্দর সচিব জানান, বন্দরের পরিবহন বিভাগ থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) স্টোর চার্জ মওকুফ করে আদেশ জারি করেছে। এই আদেশে বন্দরে দীর্ঘদিন ধরে আটকে থাকা সব ধরনের কন্টেইনার খালাসে স্টোর চার্জ পুরোপুরি ছাড় ঘোষণা করা হয়। তবে বিশেষ ছাড়ের এই সুযোগ গ্রহণ করতে আগামী ৪ মে’র মধ্যে বন্দর থেকে কন্টেইনার খালাস করতে হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com