শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

‘করোনা পরীক্ষায় বেসরকারি হাসপাতাল যুক্ত করা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা সংক্রমণ পরীক্ষায় দেশে পরীক্ষাগারের সংখ্যা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে বেসরকারি হাসপাতালগুলোকে যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (০১ মে) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর অনেক উন্নত দেশে এই সংকটে স্বাস্থ‌্যখাতের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে-এ কথা যেমন সত্য তেমনি, আমাদের লড়াই ও সংগ্রাম করে বেঁচে থাকার ঐতিহ্য আছে, আছে অভিজ্ঞতাও। তাই সাহস হারানোর কোনো কারণ নেই। আমাদের রয়েছে এই সংকটে শেখ হাসিনার মতো সাহসী ও সৎ নেতৃত্ব।’

‘আমাদের সীমাবদ্ধতা আমরা অতিক্রম করে যাচ্ছি। টেস্টিং ক্যাপাসিটি বাড়ছে। বেসরকারি হাসপাতাল সম্পৃক্ত করা হচ্ছে। এখন ২৯টি সেন্টার থেকে করোনা টেস্ট করা হচ্ছে’, জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

করোনায় সংকটে থাকা শ্রমিকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরইমধ্যে করোনাকালে কষ্টে থাকা পরিবহন শ্রমিকসহ সব শ্রমিকদের তালিকা অনুযায়ী সাহায্য দেওয়ার যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।’

দুর্যোগে দল-মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্যোগে ঐক্যের বিকল্প নেই। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব চলমান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাই। আমাদের সবার সম্মিলিত প্রয়াসে করোনার কালো মেঘ অচিরেই কেটে যাবে ইনশাল্লাহ।’

করোনাযুদ্ধে সামনের সারিতে থেকে প্রতিটি দিন যারা সাহসের পরিচয় দিচ্ছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। সরকার এসব যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিয়ষটি অগ্রাধিকার ভিত্তিকে বিবেচনায় নিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com