শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা যুদ্ধে মানুষের পাশে নানামুখী কর্মকাণ্ড নিয়ে সহযোগিতার হাত বাড়ানো যুবলীগ এবার পবিত্র রমজান মাসে ছিন্নমূল-গৃহহীনদের কাছে সেহরির খাবার পৌঁছে দিচ্ছে।
শনিবার (২ মে) রাজধানীতে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল চারশত মানুষের কাছে মধ্যরাতে সেহরির খাবার দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।
পুরান ঢাকার সূত্রাপুর, ধুপখোলা, দয়াগঞ্জ, ধোলাইখাল, টিপু সুলতান রোড, নবাবপুর, রায় সাহেব বাজার, নয়া বাজার, বাবুবাজার, বংশাল, মালিটোলা, ইসলামপুর, সদরঘাট, ভিক্টোরিয়া পার্ক, লক্ষীবাজার, লালকুঠি, শ্যামবাজারসহ বেশ কিছু এলাকায় এই রান্না করা সেহরির খাবার সরবরাহ করেছেন বাবু।
গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, ‘ঢাকা শহরে এই রমজানে প্রচুর মানুষ আছে যাদের ঘরবাড়ি নেই, খাওয়ার সুব্যবস্থা নেই। অথচ কষ্ট করে হলেও তারা রোজা রাখেন। করোনা মহামারিতে এবার বরাবরের মত হোটেল কিংবা খাওয়ার দোকান বন্ধ। তাই রাস্তার পাশের খাবার সুবিধা না পাওয়া সেইসব ছিন্নমূল অসংখ্য মানুষদের মাঝে এবার সেহরি বিতরণ করছি। পুরো রমযান মাস এই কর্মসূচি অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘সামর্থ্য অনুযায়ী রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিদর্শনায় ও যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নেতৃতে আর্ত-মানবতায় যুবলীগ আমরা অসহায় মানুষের পাশে আছি।’
এছাড়া, তিনি বর্তমান পরিস্থিতির মাঝে বেশ কয়েকবার পুরাণ ঢাকার বিভিন্ন এলাকার হতদরিদ্র, অসহায়, খেটে খাওয়া তিন হাজারেরও বেশি পরিবারের মাঝে খাদ্য উপহারসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, চিনি, লবণ, ছোলা, ডাবলি, খেজুর, মুড়ি, সাবানসহ সবজি বিতরণ করেন।
ঢাকা দক্ষিণের এলাকাগুলোতে মোবাইল কল ও মেসেঞ্জারের চাহিদা অনুযায়ী খাদ্যসামগ্রী অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন এই যুবলীগ নেতা। এছাড়া, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সংবাদ মাধ্যমের কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীসহ করোনা ঝুঁকি নিয়ে যারা কাজ করেন, তাদেরকে ৫’শ পিপিই হস্তান্তর করেছেন তিনি।
নগরকন্ঠ.কম/এআর