শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক সংকটে সারাদেশে কৃষকদের সহযোগিতা করতে মাঠে নেমেছে বাংলাদেশ ছাত্রলীগ। এর অংশ হিসেবে বাগেরহাটের বিভিন্ন এলাকার ধান কেটে দিচ্ছেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত ২৯ এপ্রিল থেকে এ কর্মসূচি শুরু করেছে ‘বেলায়েত হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ’ শাখা ছাত্রলীগ। এজন্য সাধারণ কৃষকদের জন্য ৩টি হটলাইন নম্বর খোলা রেখেছে তারা। শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না, এমন অসহায় কৃষক এই নম্বরে কল করলেই তাৎক্ষণিক সমস্যা মোকাবিলার জন্য কৃষকের পাশে দাঁড়াচ্ছে তাদের বিভিন্ন টিম।
সংগঠনটির নেতাকর্মীরা জানিয়েছে, গত কয়েকদিনে তারা জেলার কচুয়া উপজেলার বারদরিয়া গ্রামের কৃষক রফিকুল ইসলামের ৭ কাঠা, মেছোখালী গ্রামের কৃষক আনিস সরদারের ৪ কাঠা, গোটাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক মোস্তফা কামালের জমির ১২কাটা ধান কেটে তার বাসার পৌঁছে দিয়েছে। ধানকাটার এ কর্মসূচি অব্যাহত রাখবেন তারা।
এ কর্মসূচিতে অংশ নিয়ে উৎসাহ দিচ্ছেন বেলায়েত হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ইমাম হাসান জেলাল, কলেজ ছাত্রলীগের অন্যতম সদস্য জোবায়ের হোসেন, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, তহিদুল ইসলাম, আলামিন, মেহেদী হাসান, আল মামুন, সৈকত ইসলাম শুভ, রাজু হোসেন মানিক প্রমুখ
চলমান দুর্যোগের মধ্যে এমন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বেলায়েত হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগকে কৃতজ্ঞতাবোধ থেকে ধন্যবাদ জানান স্থানীয় কৃষকরা।
ছাত্রলীগের সহায়তায় সময়মতো ধান কাটতে পেরে খুশি কৃষক মোস্তফা। তিনি বলেন, পাকা ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। কোথাও কৃষক পাচ্ছিলাম না। এমনকি শ্রমিকদের দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। এমন অবস্থায় ছাত্রলীগের নেতারা ধান কেটে সহায়তা করেছে। এজন্য বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি।
বেলায়েত হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ইমাম হাসান জেলাল জানান, কৃষকের পাকা ধান যাতে নষ্ট না হয়ে যায় তাই বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট জেলা ছাত্রলীগ এবং সদর উপজেলা ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি পালন করে।
কলেজ শাখা ছাত্রলীগের নেতা জোবায়ের হোসেন জানান, ধান কাটা থেকে শুরু করে মাড়াই পর্যন্ত আমরা কৃষকদের পাশে থাকবো এবং আমরা তিনটা হটলাইন নম্বর ০১৯২৪-২২৬২২৭, ০১৬১৭-৪৪৪২৮৪, ০১৯১২-১০৮৫১৯) চালু করেছি। যে কোনো সুবিধা বঞ্চিত মানুষ আমাদের কাছে ফোন দিলে আমরা তার দ্বারে দ্বারে ছুটে যাচ্ছি এবং তার সমস্যা মোকাবিলার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের এ কর্মসূচি চলমান সমস্যা না কাটা পর্যন্ত অব্যাহত থাকবে।
নগরকন্ঠ.কম/এআর